মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। এর পরেও গতকাল শুক্রবার (২২ এপ্রিল) আল-আকসায় দেড় লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে আল আকসার প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট মেডিক্যাল সার্ভিস বলেছে, সংঘর্ষে অন্তত ৩১ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব বাধা পেরিয়ে আল-আকসায় নামাজ আদায় করেছেন প্রায় দেড় লাখ মুসল্লি।
তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনিদের পাথর ছোড়ার জবাবে তারা অভিযান চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের পবিত্র রমজান মাসের সঙ্গে গত ১৫ এপ্রিল ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের প্রথম দিন ছিল। এর ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। পাসওভারের প্রথম দিন আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫৮ ফিলিস্তিনি আহত হন। গ্রেপ্তার করা হয় ৪০০ ফিলিস্তিনিকে।
এর পর থেকে সংঘর্ষ লেগেই আছে। তবে ফিলিস্তিনিরা বলছে, তাদের যতই বাধা দেওয়া হোক না কেন তারা আল-আকসায় প্রবেশের চেষ্টা বন্ধ করবে না।
