রৌমারীতে ইটভাটার ধোঁয়ায় ধানগাছ নষ্টের অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:৪১

কুড়িগ্রামের রৌমারীতে এনএমবি নামের ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার প্রায় ২০-২৫ একর বোরো ধানখেত নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।  

সরেজমিনে দেখা যায়, চর বন্দবেড় গ্রামে ফসলি জমির ওপর এনএমবি ইটভাটাটি অবস্থিত। এর চারপাশে ফসলি জমি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। 

অভিযোগকারী কৃষক হাবিল উদ্দিন ও নুরুল আমিন বলেন, যখন জোড়ে বাতাস আসে সেই সময়ে ভাটার ছাইসহ কালো ধোঁয়া এসে ধানের ওপরে পড়ে। এতে ধানের গাছ কালো হয়ে গেছে। ভাটার মালিককে বিষয়টি জানালেও তিনি বিষয়টি আমলে নেননি। 

ইটভাটার মালিক নজরুল ইসলাম বলেন, ইটভাটার ধোঁয়ার কারণে ফসল বা গাছপালার কোনো ক্ষতি হয়নি। 

উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে ইটভাটার ধোঁয়ার কারণেই খেতের ক্ষতি হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল (ভার.) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকের ফসলের বিষয়টিও তদন্ত করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই