বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করছে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে একাধিক সড়ক অবরোধ করে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পাল করা হয়। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট দেখা দেয়।
সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, ‘একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদরাসায় ডেকে নেয়। এরপর আটকে আমাকে মারধর করে। এরপর অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করে। স্টাফরা কাউন্সিলর বিপ্লবের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। ’
এ বিষয়ে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে, সেটা আমিই জানি না। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউন্সিলর নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘দুই পক্ষ দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

