এনু-রুপনসহ ১১ জনের অর্থপাচার মামলার রায় আজ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৬:১৩

ক্যাসিনোকাণ্ডে আলোচিত রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলার রায় আজ সোমবার (২৫ এপ্রিল) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করবেন।

এর আগে, মামলার রায় ঘোষণার জন্য বুধবার (৬ এপ্রিল) দিন ধার্য ছিল। তবে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন ছুটিতে থাকায় এদিন রায় ঘোষণা হয়নি। পরে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল রায় ঘোষণার জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেন। গত ১৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৬ এপ্রিল দিন ধার্য রেখেছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র‌্যাব। কালামের স্ত্রী ও মেয়ের তথ্যমতে, চারতলা বাড়ির দোতলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৩-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারি থানায় মামলাটি করেন।

ইত্তেফাক/কেকে