ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর দুই মাস হয়ে গেছে। ঠিক এমন সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী কিয়েভ সফর করেছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা। গতকাল রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভে গিয়েছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে মার্কিন কূটনীতিকদের ধীরে ধীরে প্রত্যাবর্তন এবং নতুন রাষ্ট্রদূতের মনোনয়ন ঘোষণা করার জন্যই তাদের এ সফর। এর আগে শনিবার পোল্যান্ডে পৌঁছান অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন। তারপর রবিবার ইউক্রেনে যান। সেখানে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের সিনিয়র এক কর্মকর্তা তাদের ভ্রমণ বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকার করছেন। ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন দেখানোর জন্য এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে মার্কিন মন্ত্রীরা জেলেনস্কির সরকার এবং অত্র অঞ্চলের জন্য ৭১৩ মিলিয়ন ডলার মূল্যের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
