স্বরূপকাঠিতে ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ১০৩ পরিবার  

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩:১৪

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ঘর পেতে যাচ্ছেন স্বরূপকাঠির ১০৩ ভূমিহীন- গৃহহীন পরিবার। সোমবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশরেফ হোসেন। 

তিনি জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি আরো জানান, এ উপজেলায় ৩য় পর্যায়ে ১০৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনে বরাদ্ধ পাওয়া গেছে। মঙ্গলবার ভূমিহীন- গৃহহীন ওই পরিবারের  সদস্যদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

উপজেলা প্রশাসনসুত্রে জানা গেছে, গৃহহীন মানুষের জন্য আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ৩য় ধাপের নির্মিত ঘরগুলো আরও টেকসই ও মজবুত করে নির্মান করেছে সরকার। ফলে প্রতিটি ঘর নির্মানে বাজেট বেড়েছে প্রায় ৭০ হাজার টাকা। 

স্বরূপকাঠি উপজেলায় তয় পর্যায়ে ১০৩ ভূমিহীন- গৃহহীন পরিবারের পুনর্বাসনে বরাদ্ধের মধ্যে সদর ইউনিয়নে ২৫টি, আটঘর কুড়িয়ানায় ১৭টি, গুয়ারেখা ১০টি, সমুদয়কাঠি ইউনিয়নে ৫১টি  ঘর বরাদ্ধ রয়েছে। 

এর আগে এ উপজেলায় প্রথম পর্য়ায়ে ১২০ টি এবং দ্বিতীয় পর্যায়ে ২০৪ টি  ভূমিহীন- গৃহহীন পরিবার পুর্ণবাসনে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।
         

 

 

ইত্তেফাক/এআই