খুলনায় সড়ক দুর্ঘটনায় সুমি পাল (১৫) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী রূপসা সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রী ও পিঠাভোগ ইউনিয়নের বাসিন্দা বিশ্বজিৎ পালের মেয়ে।
রূপসা থানার এস আই মো. তারেক জানান, সুমি পাল রূপসা সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। সকালে সে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সুমি পায়ে হেঁটে আলাইপুর ব্রিজ পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রলি ও চালক ইয়মিন শেখকে আটক করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারেফ হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে একটি ইটবাহী ট্রলার সুমি পাল নামে এক ছাত্রীকে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ট্রলির চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
