কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:১৬

শুরু হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার (২৫ এপ্রিল) নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবারের উৎসবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে। সম্মান জানানো হচ্ছে চিদানন্দা দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ান পরিচালক মিকলোস জাঁকোসকে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, অভিনেতা রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী নুসরত জাহান, ইন্দ্রাণী হালদার, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়সহ আরও অনেকে।

ছবি: সংগৃহীত

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসানসোল লোকসভার সংসদ সদস্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন তার স্ত্রী পুনম সিনহা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়।

এছাড়া গত এক বছরে যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব মারা গেছেন তাদেরও শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। সেই তালিকায় রয়েছেন—বলিউড অভিনেতা দিলীপ কুমার, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়।

ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, লতাদিকে বঙ্গবিভূষণ দিতে পারলাম না। আমার জন্য মা কালীর একটা সোনার লকেট পাঠিয়েছিলেন।

ইত্তেফাক/বিএএফ