নিজেদের ‘অপরাজেয় শক্তি’ দাবি করল উত্তর কোরিয়া 

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৪:০০

কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া ‘অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে, বিশ্ব তাদের উপেক্ষা করতে পারবে না; এমনকি কেউ ছুঁতেও পারবে না।’ সামরিক দিবসকে সামনে রেখে এভাবেই দেশের গুণকীর্তন করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ বছর বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এত কম সময়ের ব্যবধানে এতগুলো পরীক্ষা অতীতে আর কখনো চালায়নি দেশটি। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আশঙ্কা ২০১৭ ?সালের পর আবারও দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ঘন ঘন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তার ইঙ্গিত দিচ্ছে।

 রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্হা কেসিএনএ-র খবরে দেশের সামরিক নানা অর্জনের ইতিহাস তুলে ধরা হয়। এর মধ্যে আছে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে স্নায়ুযুদ্ধ যুগ জুড়ে ছোটখাট সংঘর্ষ থেকে দক্ষিণ কোরিয়ার ইয়ংপেয়ন দ্বীপে ২০১০ সালের বোমা হামলার ঘটনাও। 

খবরে আরো বলা হয়, ‘উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হাতে আক্রমণ শানানো এবং প্রতিরক্ষা জন্য উপযোগী দুই ধরনের অস্ত্রই আছে। তারা আধুনিক যে কোনো যুদ্ধই লড়তে সক্ষম।’ নেতা কিম জং উনের ‘প্রতিভাধর সামরিক আদর্শ, অসামান্য সামরিক নির্দেশনা এবং অতুলনীয় মনোবল ও সাহসের’ প্রশংসাও করা হয় খবরে। বলা হয়, তার নেতৃত্বে দেশ ‘অপরাজেয় শক্তি’ অর্জন করছে।

ইত্তেফাক/এসআর