নেত্রকোনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে নারী নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৫:২৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের ঝগড়ায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে পিনিসা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে কেন্দুয়া চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে। পিনিসা আক্তার ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। 

পিনিসার ভাই রেহট মিয়া জানান, একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক মিয়াদের সঙ্গে বিরোধ ছিল তাদের। এ বিরোধে মঙ্গলবার সকালে তাদের দুইপক্ষের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষের লোকজন বল্লমে আঘাত করে তার বোন পিনিসা আক্তার ও তার স্ত্রীসহ তাকে আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পিনিসা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএএম