সুজানগরে মেঘ ডাকলেই বিদ্যুৎ উধাও

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭:০৯

পাবনার সুজানগরে আকাশে মেঘ ডাকলেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। সেই সঙ্গে মেঘ ডাকার পর ঝড় বা বৃষ্টি না হলেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।  

উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক আব্দুর রহিম বলেন, চলতি বৈশাখ মাসে কমবেশি ঝড়-বৃষ্টি হয় এবং মেঘ ডাকে। কিন্তু মেঘ ডাকার সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কোনো সম্পর্ক নেই। তবে ঝড় এবং বৃষ্টির সঙ্গে আছে। অথচ গত তিন-চার দিন হলো বৃষ্টি না হলেও কেবল মেঘ ডাকার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে গ্রামগঞ্জে এই প্রবণতা খুব বেশি। 

উপজেলার মানিকহাট গ্রামের আবুল কালাম মোল্লা বলেন, গত শুক্রবার বৃষ্টির পূর্বাভাষ হিসাবে আকাশে মেঘ ডাকলেও তেমন বৃষ্টি হয় না। কিন্তু শুধু মেঘ ডাকার কারণেই প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।  

পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন সুজানগর জোনাল অফিসের ডিজিএম বলেন, মেঘ ডাকলে বজ্রপাতের আশঙ্কা থাকে। আর বিদ্যুৎ সরবরাহ চালু থাকা অবস্থায় বজ্রপাত হলে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়াসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে মেঘ ডাকলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। 

ইত্তেফাক/এআই