ঈদের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করে ছোটরা। ঈদ পোশাক নিয়ে উচ্ছ্বাস ছোটদের মতো আর কোনো বয়সীদের থাকে না। পোশাকের রং, ডিজাইন কেমন হবে— এ নিয়ে ছোটদের ভাবনা থাকে রোজার শুরু থেকেই। সেজন্য তাদের পোশাকও কেনা হয়ে যায় সবার আগে। নতুন পোশাক কাউকে না দেখানো, দেখালেই পুরনো হয়ে যাবে, আরও কত কি কথা ঘুরপাক খায় ছোটদের নিষ্পাপ চিন্তায়, তার অন্ত নেই। আজকাল ছোটরা নিজেরাই তাদের পোশাক পছন্দ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ছোটদের বর্ণিল ঈদ পোশাক নিয়ে এবারের আয়োজন।
ঈদ যে আনন্দের বার্তা নিয়ে আসে সেখানে ছোটদের খুশিটাই বেশি থাকে। নতুন পোশাক, জুতা, চাঁদ রাত, ঈদ সেলামি, মজার মাজার খাবার, বেড়াতে যাওয়া— ছোটরা অপেক্ষা করতে থাকে কবে ঈদের চাঁদ দেখা যাবে। তার আগে এমন পোশাক কিনতে হবে যাতে সবাই তাক লেগে যায়। ছোটদের এমন সব বায়না মেটাতে ফ্যাশন হাউজগুলোও নতুন নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির হয় রোজার শুরুতেই।
এবার ঈদ গরম, কখনো মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টিবাদলের মধ্যে হতে পারে। তাই স্টাইলের পাশাপাশি পোশাকে গুরুত্ব পাচ্ছে আরামের বিষয়টিও। সুতি, হ্যান্ডলুম, লিনেন, তাঁত বা পাতলা খাদির পোশাক এবার ঈদে ছোটদের পছন্দে থাকছে। এ ছাড়া সিল্ক, ভিসকস, সাটিন, অরগাঞ্জা, মসলিন, গ্লিটারি কাপড়, ডেনিম বা জর্জেটের মতো কাপড়ের পোশাকও বাড়তি নজর কাড়ছে ছোটদের।
ঈদে ছেলেদের প্রধান আর্কষণ থাকে পাঞ্জাবিতে। সে ছেলে বুড়ো সবার। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে ছোটদের জন্য আছে সিল্ক, লিনেন, মসলিন, খাদি, সুতির বাহারি সব পাঞ্জাবি। সে সঙ্গে আরও আছে গেঞ্জি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট ইত্যাদি।
ছোট মেয়েরাও তাদের পোশাক নির্বাচনে গরমের বিষয়টি বিবেচনা করছেন। ফ্রিল দেওয়া ফ্রক, হাতের কাজ করা সালোয়ার-কামিজ, ঘাঘরা-চোলি, লেহেঙ্গা—পছন্দে থাকছে কিশোরীদের। গেলো বছর কয়েকের মতো সালোয়ার ও প্যান্টের কাজে ডিজাইন ও বৈচিত্র্য থাকছে। কাতান, টিস্যু, মসলিন ও শাটিনের সালোয়ার-কামিজসহ মেয়েদের অন্যান্য পোশাকে লেস, টারসেল, এমব্রয়ডারি, কারচুপি, সিকোয়েন্স, বাটিক, ব্লক, টাইডাই, স্ক্রিন প্রিন্টসহ হাতের কাজ প্রাধান্য পেয়েছে।
ঈদে ছোটদের নজরে আরও আছে লং স্কার্ট, কুর্তি, শার্ট-প্যান্ট। কুর্তির সঙ্গে মিলিয়ে প্যান্ট কেনা যেতে পারে। আর কুর্তি হতে পারে লিনেন, সুতি, হাতের কাজ করা, ব্লক-বাটিকসহ বিভিন্ন ধরনের। মেয়েদের পোশাকে নীলের অনেক ধরন, লাল, ম্যাজেন্টা, সাদা, হলুদ, অলিভ, ফিরোজা, গোলাপি, বাদামি, হালকা সবুজ ইত্যাদি রঙের ব্যবহার হয়েছে এবার তুলনামূলক বেশি।
ঈদ উপলক্ষে এ সময়ের অন্যতম ফ্যাশন হাউজ ‘সারা’ লাইফস্টাইলও এনেছে ছোটদের বর্ণিল সব পোশাক। সারা'র ঈদ আয়োজনে ছেলে শিশুদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে শর্ট স্লিভ ও ফুল স্লিভ। লং প্যান্টের পাশাপাশি রয়েছে কোয়ার্টার প্যান্ট। সাদা পাঞ্জাবির পাশাপাশি ভাইব্রেন্ট কালারেরও পাঞ্জাবি থাকছে। মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, থ্রি পিস, জাম্প সুট, ফ্যাশন টপস, নীমা সেট, টপ বটম সেট। এ ছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, ফতুয়া, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। এ ছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও কাবলির মিনিমি। আর সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।
