আগের দিন প্রথম দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম তিন শ’ রান করে বাংলাদেশ। একদিনের মধ্যেই আজ বাংলাদেশের সেই স্কোরকেও ছাড়িয়ে গেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৮ রান করে পাকিস্তান। তাই জয়ের জন্য এখন ইংলিশদের সামনে ৩৪৯ রানের বড় লক্ষ্য নির্ধারিত হয়েছে।
সোমবার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে দলীয় ৮২ রানে ফখর জামানের বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। দলীয় স্কোরে আর ২৯ রান যোগ হতেই ফিরে যান আরেক ওপেনার ইমাম-উল হক। ইমাম ৪৪ ও ফখর ৩৬ রান করেন।
এরপর তৃতীয় উইকেটে এখন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ জুটি বেঁধে ৮৮ রান যোগ করেন। এ সময় ৬৩ রান করে বিদায় নেন বাবর আজম। হাফিজ ৬২ বলে ৮টি চার ও দুটি ছক্কার মারে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া সরফরাজ করেন ৫৫ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ উল্লেখযোগ্য ইনিংস না খেললেও পাকিস্তান ৩৪৮ রানের বড় এ স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হারে শুরু হয়েছে পাকিস্তানের।
ইত্তেফাক/কেআই
