পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আনা হচ্ছে স্কুল ছুটি

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:১৬

ভারতের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

বুধবার (২৭ এপ্রিল) মমতা বলেন, এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। গরম তারা সহ্য করতে পারছে না। যদি অসুবিধা না থাকে, আগামী ২ মে থেকে গরমের ছুটি শুরু হবে স্কুলগুলোতে।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলোকেও জানাতে বলা হয়েছে। আর ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, কলকাতায় টানা ৫৭ দিন কোনো বৃষ্টি নেই। এদিকে, কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর-রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

ইত্তেফাক/টিআর