১০০ ফিল্ম নিয়ে রাজু আলীম!

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:১০

রাজু আলীম মূলত একজন কবি। পেশায় একজন সাংবাদিক, টিভি নাট্যকার, অনুষ্ঠান নির্মাতা, আবার চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা শেষ করে দৈনিক ইত্তেফাকে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি চ্যানেল আই’র ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। চ্যানেলআই-তে কাজ করার সুবাদে ২০ বছরে কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টকশো, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।

নিজের রচিত নাটকসহ প্রায় ৪০টির বেশি নাটকের নাট্যরূপ ও টেলিফিল্ম নির্দেশনা দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আনিসুল হক পর্যন্ত দেশের বিখ্যাত লেখকদের গল্প অবলম্বনে নাটকের নিদের্শনাও দিয়েছেন। এছাড়া রাজু আলিম চারটি সিনেমা নিয়ে কাজ করছেন। শাহনাজ কাকলী পরিচালিত ‘জল রং’ সিনেমাটি তার লেখা কাহিনি ও গানে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন নিপুণ ও সৈয়দ শামসুল হক। ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে বলেন জানান তিনি।

তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’ সিনেমা হল ও টিভি দর্শক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। এতে শিপন মিত্র, মৌসুমী হামিদ অভিনয় করেছেন। অতি সম্প্রতি তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে পপির স্বামীর চরিত্রে নায়ক হিসেবে অভিনয় করে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, নবাগত প্রিয়মনি, লাক্স তারকা তানিন তানহা, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা, আলিশা ইসলাম, ডিজে সোনিকা, তুর্য, ফেস অব এশিয়ার মেহেদী হাসান পলাশ প্রমুখ। এটি ঈদের পর পরই মুক্তি দেওয়ার সম্ভবনা রয়েছে।

বরেণ্য চিত্রপরিচালক সালাউদ্দিন জাকীর পরিচালনায় ‘মনের আড়ালে মন’ নামের একটি টেলিছবিতে তিনি অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম’র জন্য রাজু আলীমের রয়েছে বিশাল ভাবনা। তাই তিনি নির্মাণ করছেন ‘জিরো ফিগার’, ‘বিলবোর্ড সুন্দরী’ ও ‘ফুলবালিকা’ এবং ১০০ পর্বের মিনি ফিল্ম ‘একশ প্রেম’। এ নিয়েই তার বর্তমান ব্যস্ততা।

দেশপ্রেমী এই কবি বলেন, ‘সবাইকে তার দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবেসেই দেশের শিল্প সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বের দরবারে সম্মানের সাথে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে।

ইত্তেফাক/বিএএফ