প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২১:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। 

এর আগে দুই দিনের সফরে দুপুর ২ টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

জুন মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন তিনি। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গত বছরের মার্চে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ। ছবি: ফোকাস বাংলা

অন্যদিকে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই বছর ভারতের দুই শীর্ষ নেতার বাংলাদেশ সফর ছিল এক অনন্য দৃষ্টান্ত। পক্ষান্তরে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ দিয়ে রাখেন নরেন্দ্র মোদি। করোনা মহামারির কারণে গত বছর এই সফর সম্ভব হয়নি। তাই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সেই সফরের আমন্ত্রণপত্র দিয়ে পাঠিয়েছেন মোদি। 

সূত্র জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পানি, বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভূ-রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল শুক্রবার জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

ইত্তেফাক/এএএম