পাকিস্তানের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা শেহবাজ শরীফ সরকারকে দেশে জাতিগত ও ধর্মীয় সংঘাত কমাতে আহ্বান জানিয়েছেন।
সাউথ এশিয়ানস এগেইনস্ট টেররিজম অ্যান্ড ফর হিউম্যান রাইটস (এসএএটিএইচ) দ্বারা আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে বক্তারা আইনের শাসন নিশ্চিত করতে, সংবিধান সমুন্নত রাখার এবং অঞ্চলে উত্তেজনা অবসানের আহ্বান জানান।
ফোরামের একজন বক্তা, পাকিস্তানের সাবেক সিনেটর ফারহাতুল্লাহ বাবর দেশটির নিরাপত্তা সংস্থার মধ্যে বিভক্তির রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন।
ফারহাতুল্লাহ বাবর বলেন, 'যখন একটি গোষ্ঠী খুব বেশি শক্তি সঞ্চয় করে তখন তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। বেশ কয়েকজন বক্তা জোর দিয়ে বলেন, সহিংসতার 'সৌহার্দ্যপূর্ণ' সমাধান খুঁজতে বর্তমান সরকারকে বেলুচদের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
বক্তারা পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমস্যা সমাধানের জন্য শেহবাজ শরীফের সরকারকেও আহ্বান জানিয়েছে।
এছাড়া বক্তারা প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত ও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন।
