‘রাজধানীতে ২০-২৫ বছরের মধ্যে ডায়রিয়ার এ রকম প্রকোপ দেখা যায়নি’

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:২০

রাজধানীতে ২০ থেকে ২৫ বছরের মধ্যে ডায়রিয়ার এ রকম প্রকোপ দেখা যায়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাইরিয়ার প্রকোপের কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রকোপের অন্যতম কারণ হলো, বড় বড় বহুতলবিশিষ্ট ভবনের বাসিন্দারা ওয়াসার পানির লাইন কেটে নিজেরাই পাম্প বসিয়ে পানি টেনে নিচ্ছেন। এতে ছিদ্র থেকে যাচ্ছে, যেখান দিয়ে ব্যাকটেরিয়া ঢুকছে। এ ছাড়াও কয়েক জায়গায় পানিতে ক্লোরিনের পরিমাণ কম পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘যারা বেশিরভাগ সময় বাসার বাইরে হোটেল-রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তারাই ডাইরিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন।’

ঢাকার ডায়রিয়া পরিস্থিতি অবনতি হওয়ার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ৭৫ লাখ টিকা পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ইত্তেফাক/এএএম