ডলারের বিপরীতে টাকার মান কমছেই

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৬:৫২

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এখন শুধু কমেছেই। এক দিনেই ২৫ পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গতকাল বৃহস্পতিবার এক ডলার কিনতে ৮৬ টাকা ৫৫ পয়সা ব্যয় করতে হয়েছে। অবশ্য ব্যাংকগুলো আরো সাড়ে ৫ থেকে ৬ টাকা বেশি দামে ডলার বিক্রি করছে। বাংলাদেশ ব্যাংক প্রায় ৫০০ কোটি টাকার ডলার বিক্রি করেও বাজা নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

গত কয়েক দিনে খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের দাম বেশ বাড়তি। বর্তমানে এক ডলার কিনতে প্রায় ৯৩ টাকা ব্যয় করতে হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী—এই তিন ব্যাংকই ৯২ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক বিক্রি করেছে ৯২ টাকা ৫০ পয়সায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। এই দাম এক বছরেরও বেশি সময় ধরে ছিল। এরপর থেকেই ডলারের দাম বাড়ছে। অর্থাৎ গত আট মাসে ডলার প্রতি দাম এক টাকা ৬৫ পয়সা বেড়েছে। করোনা পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে। ফলে বাজারে ডলারের সংকট দেখা দিয়েছে। এ অবস্হায় অর্থনীতিবিদরা বলছেন, আমদানির লাগাম টেনে ধরা ছাড়া ডলারের বাজার স্বাভাবিক হবে না।

অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভ থেকে বাজারে ডলার ছেড়ে হস্তক্ষেপ করা এটি স্হায়ী কোনো সমাধান নয়। বাজারকে স্বাভাবিক অবস্হায় ফেরাতে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে।

ডলারের চাহিদা ও যোগান বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, বাড়তি চাহিদার কারণে ডলারের দাম কিছুটা বাড়তি। তবে বাজার স্হিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে। ফলে দাম বাড়লেও দুশ্চিন্তার কিছু নেই। 

ইত্তেফাক/জেডএইচডি