ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন জামালরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:০০

এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে আগামী জুনে মালয়েশিয়া যাবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে যাওয়ার আগে ইন্দোনেশিয়ায় একটি প্রস্ত্ততি ম্যাচ খেলবে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ১ জুন।

গতকাল জাতীয় দল ব্যবস্হপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাফুফে। আগামী ১৬ মে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। এবার ক্যাম্প হবে গাজীপুরের সারা রিসোর্টে। সেখান থেকে ফুটবল দল আবার ঢাকায় ফিরবে। অনুশীলন হবে বসুন্ধরার ক্যাম্পে।

ঢাকা থেকে ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া যাবেন জামাল ভুঁইয়ারা। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা চাইছেন খেলা শুরু হওয়ার এক সপ্তাহ আগেই দল নিয়ে মালয়েশিয়ায় থাকবেন।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, বাহারাইনের বিপক্ষে। ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলে পর দিন ঢাকায় ফিরবে। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষবার ২০০৮ সালে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া ৬ বার মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ একবার ইন্দোনেশিয়া ৪ বার জিতেছে। আর ড্র হয়েছে একবার। বাংলাদেশের জয়টি ছিল ১৯৮৫ সালে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে। ২-১ গোলে জিতেছিল| কায়সার হামিদ, চুন্নু গোল করেন।

ইত্তেফাক/টিএ