পারফর্ম করার সেরা সময়ে বিজয়-সোহানরা: মাশরাফি

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:৩০

দুই হাঁটুর পরিচর্যা তো নিত্যদিনের কর্ম। সঙ্গে যোগ হয়েছে পিঠের ব্যথা। সব সামলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরোটাই খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। লেজেন্ডস অব রূপগঞ্জ তার নেতৃত্বেই লিগের রানার্সআপ হয়েছে। নিজেও বল হাতে নিয়েছেন ২০ উইকেট। গতকাল শেষ ম্যাচেও মুশফিকুর রহিমকে ইনকাটারে আউট করেছেন।

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ করা মাশরাফি মুগ্ধ এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানদের পারফরম্যান্সে। ১৫ ইনিংসে ৮১.২৯ গড়ে তিনটি সেঞ্চুরি, নয়টি হাফ সেঞ্চুরিতে ১১৩৮ রান করেছেন। লিগে ৮ ইনিংসে ৯৬.৬০ গড়ে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪৮৩ রান করেছেন সোহান। শেখ জামালের শিরোপা জয়ে বড় অবদান এই তরুণের।

মাশরাফির মতে, বিজয়-সোহানদের পারফরম করার এটাই সঠিক সময়। এখন বিজয় ২৯ বছর, সোহান ২৮ বছর বয়সী। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাও তাদের রয়েছে। তাই তরুণ ক্রিকেটারকে অচিরে জাতীয় দলে দেখতে চান সাবেক এ অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর সুযোগ না পেলে হতোদ্যম হতে পারেন এসব তরুণরা।

প্রিমিয়ার লিগে নজরকাড়া তরুণ পারফরমারদের সম্পর্কে জানতে চাইলে গতকাল মাশরাফি বলেছেন, ‘বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়। ক্রিকেটে একটা বিষয় আছে বয়স। এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে, ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ এর একটা প্যাঁচ থাকে, এখন কিন্তু ওরা ওই বয়সে রয়েছে। যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভালো করবে। একজন মানুষ যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত।’

চ্যাম্পিয়ন শেখ জামালের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করেছে রূপগঞ্জ। দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাশরাফি। রূপগঞ্জের অধিনায়ক বলেন, ‘যেটা সবসময় বলি, চ্যাম্পিয়ন হতে শুধু ভালো খেললে হয় না, একটু ভাগ্যও দরকার হয়। সেই ভাগ্যটা আমাদের হয়তো ছিল না। তবু আলহামদুলিল্লাহ্, রানার্সআপ হয়েছি।’

৩৮ বছর বয়সেও বোলিংটা দারুণ উপভোগ করেছেন মাশরাফি। ডানহাতি এ পেসার নিজের সেরা বোলিং হিসেবে উল্লেখ করেছেন রাউন্ড রবিন লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচটি। ৬৩ রানে ৩ উইকেট পেয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। মিডল অর্ডারে তৌহিদ হূদয়, মোসাদ্দেক, জাকের আলি অনিককে আউট করেছিলেন তিনি। ২৯৮ রানের টার্গেটে জয়ের পথেই ছিল আবাহনী। ইনিংসের মাঝপথে মাশরাফির ধাক্কায় আবাহনী ১৪ রানে হেরে যায়।

অভিজ্ঞ এ পেসার বলেন, ‘আবাহনীর সঙ্গে ম্যাচটায় ভালো বোলিং করেছি। ওইটায় টার্নিং পয়েন্ট ছিল। মধ্যে যখন জুটি হচ্ছিল, তখন ৩ উইকেট পেলাম, ম্যাচটা জিতলাম, ওইটা আমার বেশি ভালো লেগেছে।’

ইত্তেফাক/টিএ