যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:২৩

যুক্তরাষ্ট্র সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস সি ম্যাকনভিলের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফরে গমন করেন। সফরকালে তিনি ওয়াশিংটন ডিসির পেন্টাগনে চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস সি ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান ও জয়েন্ট চিফ অব স্টাফের সদস্য জেনারেল ডেনিয়েল আর হোকানসন, ভাইস চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস এম মার্টিন, ম্যারিন কোরের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল এরিক এম স্মিথ এবং অফিস অব আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসির দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রধান পরিচালক লরি এবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাত্কালে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ-পরবর্তী মানবিক সহায়তা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’ এর প্রাক্তন গ্র্যাজুয়েট হওয়ায় সেনাবাহিনী প্রধানকে (নেসা) সেন্টারের ‘হল অব ফেইম’-এ আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করা হয়। এই অনুষ্ঠানে (নেসা) সেন্টারের স্বনামধন্য প্রফেসরগণসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান সেখানকার লিংকন হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে কি-নোট বক্তব্য প্রদান ও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ ছাড়াও তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘ন্যাশনাল মিউজিয়াম অব দি ইউএস আর্মি’ পরিদর্শন করেন। তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল গিলেজ মিচাউদ, ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার মেজর জেনারেল মওরিন ও’ব্রায়ান, পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ খিয়ারি, অপারেশন সাপোর্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান সন্ডার্স এবং পুলিশ অ্যাডভাইজর লুইস রিবেরিও ক্যারিলহোর সঙ্গে বৈঠকে মিলিত হন।

ইত্তেফাক/এএইচপি