ইউক্রেনে পরমাণু স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার তদন্তে আইএইএ

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৩:০৮

ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। লিখিতভাবে এমন অভিযোগ দেওয়ার পর তা তদন্ত করে দেখছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। এমনটাই জানিয়েছেন আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি।

আইএইএ’র মহাসচিব তার বিবৃতিতে বলেন, ইউক্রেন সরকার তাকে জানিয়েছে, গত ১৬ এপ্রিল দেশটির একটি পরমাণু স্থাপনার ঠিক উপর দিয়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র উড়ে গেছে। পরমাণু স্থাপনাটি রাজধানী কিয়েভ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে ইয়াঝনোক্রানস্ক শহরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রটি যদি উড়ে না গিয়ে কারিগরি সমস্যার কারণে ওই স্থাপনায় আঘাত হানত তাহলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারত।

গ্রোসি বলেন, চেরনোবিলের র‍েডিও অ্যাকটিভ নিঃসরণ বর্তমানে অস্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আমরা প্রতিদিন সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে রুশ সেনারা চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং মার্চ মাসের শেষ দিকে ওই স্থাপনা ছেড়ে চলে যায়।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু স্থাপনার চার নম্বর রিঅ্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩০ ব্যক্তির মৃত্যু হয় এবং আশপাশে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের প্রভাবে পরবর্তীতে আরো বহু মানুষের মৃত্যু ঘটে। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি