সাভার-আশুলিয়ায় নীরব চাঁদাবাজি

আপডেট : ০১ মে ২০২২, ১১:১২

ঈদকে সামনে রেখে শিল্পনগরী সাভার ও আশুলিয়ায় চলছে নীরব চাঁদাবাজি। এ চাঁদাবাজিতে পাল্লা দিয়ে নেমেছে পরিবহন সেক্টরের নামধারী শ্রমিক নেতা, রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মী ছাড়াও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কতিপয় নামধারী সাংবাদিক চাঁদাবাজরা। এ রকম অসংখ্য অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কখনো ইফতার পার্টি, ঈদ বোনাস ও বকশিশের নামে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্গেট করে চাঁদাবাজরা মোটা অঙ্কের চাঁদাবাজি করছে। তাদের চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন সরকারি এবং আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পোশাক কারখানার মালিক বলেন, ঈদকে সামনে রেখে কতিপয় হলুদ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুঁইফোঁড় শ্রমিক সংগঠন ঈদ বোনাসের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। গার্মেন্টস মালিকরা খুশি হয়ে ঈদ বোনাস হিসেবে তাদের কিছু সম্মানি দিলেও তাতে তারা সন্তুষ্ট হচ্ছেন না। দাবি করছেন মোটা অঙ্কের টাকা। এসব ঘটনায় গার্মেন্টস সেক্টরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে পরিবহন সেক্টরে চাঁদাবাজিতে মরিয়া হয়ে উঠেছে পরিবহন শ্রমিক নেতা নামধারী চাঁদাবাজরা। একাধিক পরিবহন মালিকদের অভিযোগ, উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আসা পণ্যবোঝাই ট্রাক আটক করে প্রতি রাতেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্রটি।

অপর দিকে ঈদ বোনাসের নামে রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মী ও স্থানীয় কতিপয় নামধারী সাংবাদিক ব্যাপক চাঁদাবাজিতে নেমেছে। তারা বিভিন্ন মিল কারখানা, হাউজিং ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি অফিস-আদালত ও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে এবং ঈদ বোনাসের নামে চাঁদা দাবি ও আদায় করছে।

ইত্তেফাক/ ইআ