হিলি স্থলবন্দরে ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

আপডেট : ০১ মে ২০২২, ১১:২৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ মে পবিত্র ঈদুল ফিতর ও আজ রোববার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রী পারাপার চালু থাকবে।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ রোববার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। আবার ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। একারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকবে। ফলে আগামী ৭ মে থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে বন্ধের বিষয়টি ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম জানান, ঈদুল ফিতর ও শ্রমিক দিবসের সরকারী ছুটি ব্যতীত হিলি কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকে। তবে ঈদে ও শ্রমিক দিবসে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা পারাপার করতে পারবেন। ইমিগ্রেশনের কার্যক্রম সকল ছুটির আওতামুক্ত থাকে।

ইত্তেফাক/ ইআ