আড়াইহাজারে দুস্থদের মধ্যে সহযোগিতা

আপডেট : ০২ মে ২০২২, ১৩:৪২

রিকশা চালক উজ্জল শেষ বিকেলে বসেছিলেন আড়াইহাজার উপজেলার  জাঙ্গালিয়া  পুরনো বাসস্ট্যান্ডে। সারাদিন তেমন যাত্রী মিলেনি। মহাজনের জমার টাকা উঠেনি। রিকশার সিটে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ একজন যাত্রীর ডাক। ‘চাচা’ আড়াইহাজার যাবেন। উজ্জলের চোখ ছানাভরা। তিনি কি দেখছেন! সামনে দাঁড়িয়ে আছেন এমপি বাবু। দু’টি পাঁচশ টাকার নোট গুজে দিলেন উজ্জলের হাতে। বললেন, চাচা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। 

এভাবে পায়ে হেঁটে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে ভ্যান চালক, অটোচালক, ভিক্ষুক ও দরিদ্র লোকজনকে নগদ অর্থ সহায়তা দেন আড়াইহাজার আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। রবিবার (১ মে) বিকেলে সোমবার সকালে রামচন্দ্রদী, কড়ইতলা, গোপালদীবাজার, শান্তিরবাজার, মানিকপুর, বিশনন্দি এলাকায় অর্থ বিতরণ করা হয়।

জানা গেছে, গত দু’দিন ধরে কখনো পায়ে হেঁটে, কখনো রিকশা চড়ে, কখনো মোটরসাইকেলে চড়ে এমপি নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে হাটবাজারে দুঃস্থ অসহায়, দরিদ্র, বয়স্ক রিকশা চালক, ভ্যানচালক ও অটোচালকদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার এই উদ্যোগটি সুধীমহলে প্রশংসিত হচ্ছে।

আড়াইহাজার সদর বাজারে নগদ অর্থ পাওয়া কয়েকজন রিকশাচালক বলেন, ‘এমপি সাহেব টাকায় ঈদের বাজার সদাই করছি। নাইলে এই ঈদে পোলপানগো সেমাই-পোলাও খাওয়াইতে পারতাম না। আল্লায় তানিরে আরও বড় করুক।’ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানালেন, এবারের ঈদে এমপি বাবু আড়াইহাজার সদর, গোপালদীবাজার, কালিবাড়ি, শান্তিরবাজার, সুলতানসাদি, কলাগাছিয়া, গাজীপুরা, সাতগ্রাম, পাঁচগাঁও, ব্রাহ্মন্দী, প্রভাকরদী, দক্ষিণপাড়াসহ পুরো উপজেলায় ঘুরে ঘুরে অর্থ সহায়তা দিচ্ছেন। এমপি’র এই উদ্যোগে প্রকৃত হতদরিদ্র ও দুঃস্থ লোকজন নগদ অর্থ সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন।  

নজরুল ইসলাম বাবু এমপি বলেন, ‌‘আমি ছাত্রজীবন থেকে রিকশা চালকসহ অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ করে আসছি। এই হিসেবে গত ২ দিন ধরে পায়ে হেটে উপজেলার সব এলাকাতে অর্থ বিতরণ করছি।’

ইত্তেফাক/কেকে