নেত্রকোনার ৫ টি হাওর উপজেলার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩০ জন বোরো চাষি যাতে ঈদ করতে পারেন সেজন্য তাদের মাঝে জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তা ও চাল প্রদান করা হয়েছে। সোমাবার (২ মে) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। হাওরের সর্বশেষ বোরো ধান কাটার চিত্র এবং ফসল রক্ষা বাধের পরিস্থিতি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, আগাম বন্যা এসে নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পানি বাড়লে ও জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন এবং হাওর এলাকার বোরো চাষিরা ফসল রক্ষা বাধগুলো দিন রাত পরিশ্রম করে রক্ষা করেছেন। সেজন্য ৩৬৫ কিলোমিটার বাধের মধ্যে আবাদকৃত বোরো ধান সবটাই রক্ষা পেয়েছে। তিনি আরো জানান, ৫টি হাওরে এবার ৪০,৯৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং ১ লাখ ৬৪ হাজার ৩৯১ টন বোরো ধান উৎপন্ন হয়েছে। উৎপন্ন ধানের মূল্য ৬৫৭ কোটি টাকা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, খালিয়াজুরীর ভয়াবহ কীর্তনখোলা বাধের ৭ কিলোমিটার পাকা করে স্থায়ী বাধ করা হবে। আগামী বছর বাধ নির্মাণের কাজ শুরু হবে।
সাংবাদিক সম্মেলনে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ, কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহাজাহান সিরাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
