ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো, দিলেন সালাম

আপডেট : ০৩ মে ২০২২, ০৪:০৯

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় ট্রুডো বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

তিনি বলেন, এ বছর অটোয়াতে একটি ইফতারের আয়োজন করতে পেরে ও ক্যামব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আনন্দিত আমি। রমজান মাসে বিভিন্ন মসজিদে মুসলিমরা তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন।

তিনি মুসলিমদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, বাড়ছে ইসলামভীতি। এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে শুনেছি। আপনাদের ধৈর্য্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্রপূর্ণ দেশ।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিরাপদ এখানে। আর আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কানাডার উন্নয়নের পেছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অংশ গ্রহণ রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদযাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ইত্তেফাক/টিআর