আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে রাশিয়া এমন গুঞ্জন উঠেছে। তবে এটি ‘বাজে কথা’ বলে নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মস্কো এখন পর্যন্ত অস্বীকার করেছে যে তারা যুদ্ধে লিপ্ত রয়েছে। এর পরিবর্তে দেশটি ইউক্রেন আক্রমণকে এক ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে উল্লেখ করে আসছে।
পশ্চিমা কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছেন, তারা অনুমান করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজকে উপলক্ষ্যে করে সামরিক পদক্ষেপের ঘোষণা দিতে পারেন।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার (৪ মে) পাল্টা দাবি করে বলেন, এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গত সপ্তাহে বলেন, মস্কো নাৎসিদের পরাজয় তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে আয়োজিত ৯ মে এর কুচকাওয়াজকে গণসংহতি সৃষ্টি এবং ইউক্রেনে নতুন করে সামরিক চাপ দেওয়ার জন্য সমর্থন জোগাতে ব্যবহার করতে পারে।
মস্কোতে বার্ষিক কুচকাওয়াজের পাশাপাশি দীর্ঘ সময় ধরে এমন খবরও রয়েছে যে, ক্রেমলিন দক্ষিণ ইউক্রেনের মারিউপোল শহরে এক ধরনের বাড়তি কুচকাওয়াজের পরিকল্পনা করছে। শহরটির প্রায় পুরোটাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
