‘যতই ষড়যন্ত্র আসুক না কেন, আওয়ামী লীগ এগিয়ে যায়’

আপডেট : ০৫ মে ২০২২, ২০:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আলোর পথে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সংকট এগিয়ে যাওয়ার দল। সংকটে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যতই ষড়যন্ত্র, ঝড় আসুক না কেন আওয়ামী লীগ এগিয়ে যায়। যতদিন শেখ হাসিনা আছে দেশ পথ হারাবে না, ততদিন বাংলাদেশ আলোর পথে থাকবে।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও কবিরহাট উপজেলা সদর জিরোপয়েন্টে  দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে বলে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী। আমাদের মাঝে বিভেদ করে কেউ সুবিধা করতে পারবে না। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় যাবো।

তিনি বলেন, দু:সময়ে দলের ত্যাগী কর্মীদের দলে টেনে আনতে হবে। শীতের সময় অতিথি পাখি আসে, শীত চলে গেলে অতিথি পাখি চলে যায়। দু:সময়ে আসলে দলের ত্যাগী কর্মীরা এগিয়ে আসে। সামনে তরুণরাই নেতৃত্ব দিবে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী সভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান।

এই দুই সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমার অসুস্থতা ও করোনা মহামারির কারণে আমি আসতে পারিনি। কিন্তু আপনাদের পাশে ছিলাম। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার অন্তরে হৃদয়ে থাকবে আমার নিজ এলাকা। কবিরহাটে বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি? সে কথা আমি কিভাবে ভুলে যাবো।

মন্ত্রী বলেন, আপনারা  ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা আজ আছে কাল নেই, চিরদিন কেউ ক্ষমতা থাকে না কিন্তু এ মানুষ থাকবে, জনগণ থাকবে ও মাটি থাকবে। এই মাটিতে আমরা বাস করবো। মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। তিনি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য জেলার নেতাদের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের  বলেছেন, আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে, গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। ১৩ বছরে পারলা না, কোন বছর পারবা? এখন প্রশ্ন সবার- এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর।

মন্ত্রী বলেন, এলাকার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি। যারা আমার ভোটার আপন মানুষের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার নিজ বাড়ীতে আমার ঘরে খাবার খেয়েছি। দুপুরে নামায পড়েছি। অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে। এ অনুভূতি ভাষা প্রকাশ করা যায় না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের অনেকটা ঠিক করে ফেলেছি, বাকীটা ঠিক করে ফেলবো।

এর আগে ওবায়দুল কাদের নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয় । এর পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ ক্রেস্ট প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার  মেয়র আবদুল কাদের মির্জাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে ওবায়দুল কাদের বসুরহাট ডাকবাংলোয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য বলেন, আমি এসেছি, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। গত দেড় বছরে স্থানীয় আওয়ামী লীগের হানাহানিতে দুটি প্রাণ ঝরেছে। আশা করছি অচিরেই শান্তি ফিরে আসবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি