ইউক্রেনকে আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ মে ২০২২, ১২:৫০

ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন মাস ধরে চলা এই আগ্রাসনে কিয়েভকে সহায়তা করে আসছে পশ্চিমাদেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই সামরিক সহায়তা দেবে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছেন। তাছাড়া রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা-ভাবনা করছে জি-৭ ভুক্ত দেশগুলো। এ বিষয়ে আগামী রবিবার (৮ মে) বৈঠক করবেন তারা।

এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিওপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনের যোদ্ধারা রুশ সৈন্যদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাওয়ার খবর দিয়েছে আজভ রেজিমেন্টের কমান্ডার।

টেলিগ্রামে এক ভিডিও পোস্টে কমান্ডার ডেনিস প্রকোপেঙ্কো তার সৈন্যদের প্রশংসা করে বলেন, তারা রাশিয়ানদের বিরুদ্ধে অতিমানবীয় তৎপরতা দেখিয়েছে।

এর আগে, ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের প্রবেশ ঠেকাতে একাধিক রেলস্টেশনসহ অন্যান্য সরবরাহ লাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ‘অস্ত্র দিয়ে ইউক্রেন ভর্তি’ করছে বলেও অভিযোগ তুলেছে তারা।

ইত্তেফাক/টিআর