‘আসানি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আসানি’। এটা আগামী ১২ মে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে।
লঘুচাপটি আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যেদিকে যাচ্ছে এটি যদি সেদিকে ধাবিত হয় তবে ভারতের বিশাখাপত্তম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ এবং আন্তর্জাতিক আবহাওয়া অফিস ধারণা করছে, ঘূর্ণিঝড়টি ১২ মে সকালে বিশাখাপত্তম, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ স্পর্শ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তবে ‘আসানি’র প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হবে।
এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় যেকোনো সময় যেকোনো দিকে মোড় নিতে পারে। এখন এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। এটি যদি মোড় নিয়ে উত্তর দিকে ধাবিত হয়, তবে আমাদের দেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে আঘাত হানতে পারে।

দেশের সব বন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত