বাগেরহাটের রামপালে গার্মেন্টস নারী কর্মী গণধর্ষণের ঘটনায় মূলহোতাসহ ৮ জনকে র্যাব-৬ এর একটি চৌকস দল প্রেফতার করেছে। সোমবার (৯ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রামপাল থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব জানায়, রোববার (৮ মে) সন্ধ্যায় গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভাগায় তরুণীর বন্ধু হৃদয়ের (২০) সঙ্গে দেখা হয়। ভাগা থেকে বন্ধুর সঙ্গে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদরাসার মাঠে দেয়ালের পাশে পৌঁছালে বন্ধু হৃদয়কে আসামিরা মারধর করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ভিকটিম চিৎকার করলে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার বন্ধু বিষয়টি ভিকটিমের মাকে ফোন করে জানান। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাব-৬ এ অবহিত করেন।
এঘটনার পর পর র্যাবের একটি দল রোববার রাতভর জেলার রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের মূলহোতা মো. আবুল কালাম আজাদ ও শুকুরসহ (২৪) আটজনকে গ্রেফতার করে রামপাল থানায় হস্তান্তর করে।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২) মো. হোসেন গাজী (১৮), মো. রাজু শেখ (২৪)। তাদের সবার বাড়ি রামপাল উপজেলায়।
এবিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ‘থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’
