নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (১০ মে) ভোর ৫ টায় ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- হোশিয়ারি কারখানা শ্রমিক রোজিনা আক্তার (৩৩), তার স্বামী রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), একই দম্পতির দুই ছেলে হোশিয়ারি কারখানা শ্রমিক রোমান (১৭) ও স্কুলছাত্র রোহান (৯)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আনোয়ারের বাড়ি বরিশালের হিজলায় এবং রোজিনার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, বাড়ির পেছনে গ্যাস লাইনের রাইজারের লিকেজ থেকে ভোর পাঁচটায় আগুন লেগে বাড়িতে ছড়িয়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা আনোয়ার হোসেন, তার স্ত্রী রোজিনা বেগম, দুই শিশু ছেলে রোহান ও রোমান দগ্ধ হন। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পাশাপাশি দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পাঠান।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাড্ডায় আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ
‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ আহত স্বামী-স্ত্রীর মৃত্যু