কানাডার সাসকেচেয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের হাবিপ্রবি পরিদর্শন

আপডেট : ১১ মে ২০২২, ১২:১২

কানাডার সাসকেচেয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) একদল প্রতিনিধি মঙ্গলবার (১০ মে) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)পরিদর্শন এবং  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। 

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, সাসকেচেয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) এর ডিরেক্টর ড. অ্যান্ড্রু শার্প, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান ড. শেখ মো: বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. মো. আব্দুস সালাম, সাসকেচেয়ান বিশ্ববিদ্যালয়ের জিআইএফএস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম  ডেভলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন,  ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক প্রমুখ। 

মতবিনিময় সভার শুরুতে অতিথিবৃন্দের সামনে স্লাইডের মাধ্যমে হাবিপ্রবি’র পরিচিতি তুলে ধরেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, এরপর বিভিন্ন অনুষদের ডীন ও চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব অনুষদ ও বিভাগের উদ্ভাবন  ও গবেষণা কার্যক্রমসমূহ উপস্থাপন করেন। এ সময় জিআইএফএস এর ডিরেক্টর ড. অ্যান্ড্রু শার্প  জিআইএফএস এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। 

সবশেষে সভায় উপস্থিত সকল অতিথিগণদের ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য  প্রফেসর ড. এম. কামরুজ্জামান আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে গবেষণাক্ষেত্রে হাবিপ্রবি ও সাসকেচেয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একইসাথে কাজ করে যাবে।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদলের সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনে স্থাপিত সেন্ট্রাল ল্যাব পরিদর্শন করেন।

ইত্তেফাক/এআই