ম্যানচেস্টার সিটিতে যত অর্থ পেতে যাচ্ছেন হরলান্ড

আপডেট : ১১ মে ২০২২, ১৪:২০

এই মুহূর্তে ফুটবল বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম আর্লিং হরলান্ড। তাকে নিয়ে গত কয়েক বছর ধরেই ইউরোপের ফুটবল বাজারে ব্যাপক চর্চা হচ্ছে। নরওয়ে ও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন। তবে যতটুকু আলো পাওয়ার কথা ছিল ঠিত ততটা পাননি। এবার সম্ভবত সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিতে চলেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন হরলান্ড। গতকাল (১০ মে) আনুষ্ঠানিকভাবে সেটি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে, আমরা আগামী ১ জুলাই ২০২২ তারিখে হরলান্ডের দলবদল নিয়ে ডর্টমুন্ডের সঙ্গে চুক্তি করে ফেলেছি। ক্লাব এখন খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত চুক্তির বিভিন্ন শর্ত চূড়ান্ত করছে।’

চুক্তির ব্যাপারটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি সিটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের সাংবাদিক জেমস ডাকার এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরলান্ডকে কেনার জন্য ডর্টমুন্ডকে ছয় কোটি ইউরো বা পাঁচ কোটি দশ লাখ পাউন্ড দিচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রাথমিকভাবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে তারা। এর বাইরে এজেন্ট ফি, বেতন ও অন্যান্য বোনাস মিলিয়ে হরলান্ডের পেছনে ২০২৭ সাল পর্যন্ত প্রায় ২১ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ হবে সিটির।

দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, হরলান্ডের সাপ্তাহিক বেতন হতে পারে প্রায় পৌনে চার লাখ পাউন্ড। বর্তমানে ক্লাবটিতে একই পরিমাণ বেতন পেয়ে থাকেন কেভিন ডি ব্রুইনা। যা সিটিতে সর্বোচ্চ।

ইত্তেফাক/টিএ