শ্রীলঙ্কায় সেনা পাঠানোর গুঞ্জন ভিত্তিহীন: ভারতীয় হাইকমিশন  

আপডেট : ১২ মে ২০২২, ১৮:২০

প্রবল অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় কাবু দ্বীপদেশ শ্রীলঙ্কায় ভারত সেনা পাঠাতে পারে। এমন গুঞ্জনকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেছে কলম্বোয় ভারতীয় হাইকমিশন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় হাইকমিশনের টুইটারে বলা হয়েছে, 'শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে হাইকমিশন তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। এ ধরনের সংবাদ ভারত সরকারের অবস্থানের সঙ্গে যায় না।'

অপর এক টুইটে বলা হয়, 'ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরিষ্কার করে বলেছেন যে শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি ভারত পুরোপুরি সমর্থন জানায়।' 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, 'ভারত সব সময় শ্রীলঙ্কার জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে।' 

এছাড়া শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়ে গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন খারিজ করেছিল ভারতীয় হাইকমিশন।

ইত্তেফাক/এসআর