সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

আপডেট : ১২ মে ২০২২, ১৯:৪৬

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে গুদামে মজুদ রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই গুদাম মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় রাজলক্ষী বাণিজ্য ভাণ্ডার গুদামে তেল থাকার পরও অস্বীকার করায় মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই গুদামে মজুদ রাখা ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন ও পামওয়েল ২০০ লিটার বোতলজাত তেল উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এর আগে উল্লাপাড়া ও বেলকুচি অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

ইত্তেফাক/এএএম