ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না

আপডেট : ০৪ জুন ২০১৯, ১১:২২

গোপালগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় অন্তত চারজন আহত হয়েছেন।সোমবার রাত ১০টা ৪০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৬) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।  আহত মোটরসাইকেল চালক আরিফ শেখসহ চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী জানান, রাতে গোপালগঞ্জ থেকে ঈদের মার্কেটিং শেষে মোটরসাইকেলে করে নয়নসহ ৩ যুবক গ্রামের বাড়ি ঘোনাপাড়া যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল গোপীনাথপুর শরীফপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংষর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরো অন্তত ৪ জন। মাইক্রোবাসটি মাওয়া থেকে খুলনা যাচ্ছিল।

আরো পড়ুন : চট্টগ্রামের শতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদ

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শেখ বলেন, সংঘর্ষে মাইক্রোর সামনের অংশ ও মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি