পূর্ব ইউক্রেনের সেভেরোডোনেতস্কের কাছে সিভারেস্কি দোনেতস নদী পার হওয়ার চেষ্টা করছিল রুশ বাহিনী। তবে ইউক্রেন বাহিনীর হামলায় সেই প্রচেষ্টা ব্যাহত হয়েছে । শুক্রবার (১৩ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সামরিক গোয়েন্দা বলেছে, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একটি রাশিয়ান ব্যাটালিয়ন তার প্রায় সব সাঁজোয়া যান হারিয়ে ফেলেছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় রাশিয়ার ১ হাজারের বেশি সেনা নিহত হতে পারে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই হামলায় নিয়ে বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী প্রথমবারের মতো টুইট করে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ঘটনাস্থলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নদীর তীরে পুড়ে যাওয়া ট্যাঙ্ক। তবে এনিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়া গত ৮ মে এই নদী পারের চেষ্টা শুরু করে। রুশ সেনাবাহিনীর দুটি কোম্পানি এবং ৩০ ইউনিট সরঞ্জাম পরিবহন করে। এতে ট্যাঙ্ক, সাঁজোয়া যানও ছিল। তারা অতিক্রম করার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় বাহিনী পন্টুন ব্রিজটি ধ্বংস করে দেয় এবং রাশিয়ান সেনারা 'ফাঁদে পড়ে যায়'।
