আড়াই মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা 

আপডেট : ১৫ মে ২০২২, ২১:৩৩

দীর্ঘ আড়াই মাসেও অপহৃত স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর বাবা-মা। রবিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।  

সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো গত ২৭ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে স্কুলে যায় তার মেয়ে। তার মেয়ে দক্ষিণখান গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। স্কুল শেষে বাসায় না ফেরার পর মেয়ের খোঁজ নিতে তিনি স্কুলে যান। স্কুলের সামনে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, স্থানীয় ভাড়াটিয়া মো. সুজনসহ কয়েকজন দুর্বৃত্ত তার মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় গত ১ মার্চ দক্ষিণখান থানায় তিনি মামলা করেন। ইতিমধ্যে আড়াই মাস অতিবাহিত হলেও মেয়ের কোনো সন্ধান পাননি। থানা পুলিশও এ ব্যাপারে কোনো তৎপরতা দেখাচ্ছে না। 

তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরে স্কুলে যাতায়াতের সময় সুজন তার মেয়েকে উত্ত্যক্ত করতো। সুজন তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সুজনের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার মেয়েকে অপহরণসহ নানা ধরনের ভয়ভীতিও দেখিয়েছে বিভিন্ন সময়। কিন্তু শেষ পর্যন্ত এ রকম করবে তা ভাবতে পারেননি। ঘটনার পর থেকে সুজনও পলাতক। তার মোবাইল নম্বরটিও বন্ধ। সুজনের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ অবস্থায় মেয়েকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই মো. রেজাউল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিকে ধরার চেষ্টা চলছে। পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সুজনকে পাওয়া যাচ্ছে না।

ইত্তেফাক/ইউবি