জুভেন্টাসের হয়ে আজ শেষ ম্যাচ খেলবেন দিবালা

আপডেট : ১৬ মে ২০২২, ১২:৪৯

গত সাত বছর ধরে জুভেন্টাসের হয়ে খেলছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। বলা যায় এই ক্লাবেই তার ক্যারিয়ার শুরু, বিশ্বব্যাপী পরিচিতি। পেয়েছেন অধিনায়কত্বও। অবশেষে আজ দীর্ঘ এই সম্পর্কের শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে নিজের বিদায়ের কথা ঘোষণা দিয়েছেন দিবালা নিজেই।

অবশ্য কয়েকমাস ধরেই গুঞ্জন চলছিল যে, জুভেন্টাস ছাড়তে পারেন দিবালা। এবার আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দিলেন তিনি। আজ লাৎসিওর বিপক্ষে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলবেন এই আর্জেন্টাইন। তার আগে ইন্সটাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

দিবালা বলেন, ‘বিদায় বলার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন, এখানে অনেক বছর এবং অনেক আবেগ জড়িয়ে আছে.... আমি ভেবেছিলাম আমরা আরও কয়েকবছর এক সঙ্গে থাকবো। কিন্তু বাস্তবতা আমাদের ভিন্ন পথে ঠেলে দিচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে যেভাবে তৈরি করেছেন, অভিজ্ঞতা, গোল, ম্যাচ, আমি কখনোই ভুলবো না।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paulo Dybala (@paulodybala)

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের সঙ্গেই আমি বড় হয়েছি, শিখেছি, ভালোবেসেছি এবং স্বপ্ন দেখেছি। এটি ছিল ৭ বছরের এক ম্যাজিক সময়। ১২টি শিরোপা, ১১৫ গোল, যা কেউই আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কঠিন সময়গুলোতে আমাকে আগলে রাখার জন্য ধন্যবাদ।’

জুভেন্টাসের হয়ে ২৯১ ম্যাচ খেলেছেন দিবালা। আজ খেললে সংখ্যাটা ২৯২ হবে। এতে নিজে ১১৫ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৪৮ গোল। ধারণা করা হচ্ছে ইন্টার মিলাতে যোগ দিতে যাচ্ছেন এই তারকা।

ইত্তেফাক/টিএ