অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

আপডেট : ১৬ মে ২০২২, ১৮:০২

খুলনায় মজুদকৃত পাটের বিপরীতে সিসি লোনের টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক সুজিৎ কুমার মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৬ মে) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক)  আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুদকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে ৪ কোটি ৬ লাখ টাকা সিসি লোন নেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজশে ওই পাট বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়। মামলায় একই সঙ্গে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়।

অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক খুলনার তৎকালীন সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি