বরিশাল সিটি করর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। সোমবার (১৬ মে) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা ও চলতি বছর এইচএসএসি উত্তীর্ণ হওয়া এক তরুণী।
আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে ১৬ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তপূর্বক প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন আহম্মেদ ও বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান।
মামলায় উল্লেখ করা হয়, বিগত ৪-৫ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে কেফায়েত হোসেন রনির সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঐ তরুণীর। এক পর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দিয়ে ঐ তরুণীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিভিন্ন সময় বরিশালে একাধিক রেস্টুরেন্টে তারা দেখা করেন। প্রায় রনির বাসায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তরুণীকে। প্রথমে ৭ মে জরুরি কথা আছে বলে ঐ তরুণীকে বাসায় ডেকে নেয় রনি। বিয়ের প্রলোভন দেখিয়ে রনি বিকাল ৪টা থেকে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ৮ মে পুনরায় ডেকে রাত ৮ টায় ধর্ষণ করেন। ১২ মে বিয়ের জন্য চাপ দিলে তরুণীকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ফোন নিয়ে তরুণী ও রনির সঙ্গে সম্পর্ক জড়িত সব প্রমাণ ডিলেট করে ফেলেন রনি। পরে রনি বিভিন্নভাবে হত্যার হুমকি দিলে তরুণী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
