চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে তৃতীয় দিনের প্রথম ঘণ্টা দুর্দান্ত কাটল টাইগারদের। এই সময়ে ১৪ ওভারে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়ে তুলল ৫৮ রান। ওভারপ্রতি রান চারের বেশি তুলেছে তারা।
দিনের শুরু থেকে দারুণ খেলছেন দুই ওপেনার। শ্রীলঙ্কার বোলাররা তেমন সুযোগই পাচ্ছেন না। সাবলীল আর আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন তামিম। ৩৫ রানে দিন শুরু করে তিনি অপরাজিত আছেন ১০৪ বলে ১০ চারে ৭৬ রানে।
আগের টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া জয় খেলছেন দেখেশুনে। সুযোগ পেলে মারছেন বাউন্ডারি। ১১১ বলে তিনিও পঞ্চাশ তুলে নেন। এরপরেই ৫১ রানে জীবন পান তিনি। ফার্নান্দোর বলে হুক করলে বাউন্ডারিতে সহজ ক্যাচ ছাড়েন লাসিথ।
৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৪৪।
দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। স্বাগতিকরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলে।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষেই গলে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও সৌম্য সরকার। সেই থেকে এবারের টেস্টের আগ পর্যন্ত ৬১ ইনিংসে শুরুর জুটিতে আর শতরান পায়নি বাংলাদেশ। এবার কাটলো সেই খরা।
