লক্ষ্মীপুরে খেতেই পচে যাচ্ছে সয়াবিন

আপডেট : ১৭ মে ২০২২, ১১:৪২

টানা কয়েক দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে সয়াবিন খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টির ফলে বেশির ভাগ সয়াবিন গাছ পানিতে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। পানির নিচ থেকে সয়াবিন তুলতে হিমশিম খাচ্ছেন তারা। সরেজমিনে সদর উপজেলার চর রমনী মোহন, ভবানীগঞ্জ এবং কমলনগর উপজেলার চর লরেন্স, চর মার্টিন ও তোরাবগঞ্জ এলাকায় ঘুরে খেতে থাকা সয়াবিন নষ্ট হওয়ার এমন দৃশ্য চোখে পড়ে।

জানা যায়, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে দেশের ৮০ শতাংশ সয়াবিন উৎপাদিত হয়। যে কারণে ব্রান্ডিং হিসেবে লক্ষ্মীপুরকে ‘সয়াল্যান্ড’ নামকরণও করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার সয়াবিনচাষি হুমায়ুন কবির বলেন, এক একর জমিতে সয়াবিন চাষ করেছি। সয়াবিন পুরোপুরি পুষ্ট এবং না পাকতেই বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। খেতের পানি নামার পথ না থাকায় জমে থাকা পানিতে সয়াবিন গাছ মরে যাচ্ছে। এতে যে পরিমাণ ফলনের আশায় ছিলাম, তার থেকে কম ফলন হবে। 

আরেক চাষি রাসেল মিয়া বলেন, ৫০ শতাংশ জমিতে উচ্চ ফলনশীন সয়াবিন চাষ করেছি। চাষ করতে ৯-১০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু খেতে বৃষ্টির পানি জমে গাছ এবং সয়াবিন সব পচে গেছে। এ সয়াবিন খেত থেকে উঠিয়ে কোনো লাভ হবে না। তাই খেতেই ফেলে রেখেছি।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। এতে উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৬ হাজার ৫৪০ মেট্রিক টন। 

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন বলেন, এবার সয়াবিনের ফলন ভালো হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হওয়ায় খেতে থাকা সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি দ্রুত সয়াবিন কেটে ফেলার জন্য।

ইত্তেফাক/ ইআ