ঈদে বাংলাভিশনের পর্দায় আসছে ‘৩ ২ ১ ০ অ্যাকশন’

আপডেট : ০৪ জুন ২০১৯, ২৩:৩৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে ৭ পর্বের ধারাবাহিক নাটক '৩ ২ ১ ০ অ্যাকশন'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, ইমেল, হারুণ, মাসুদ প্রমুখ।

নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এখানে শিল্পী মানুষ মোশাররফ করিম। অভিনয় করতে এসে বিড়ম্বনায় পড়তে হয় তাকে। কারণ পরিচালক তাকে জানান, চরিত্রের প্রয়োজনে তার লম্বা গোঁফ কেটে ফেলতে হবে। কিন্তু অভিনেতা সেটা করতে নারাজ। কিছুতেই তিনি গোঁফ কেটে ফেলবেন না। হঠাৎ একদিন সকালে তিনি দেখতে পান তার অর্ধেক গোঁফ নেই। কে যেন কেটে ফেলেছেন। মোশাররফ করিম খুঁজতে থাকেন সেই মানুষটিকে। নানা হাস্য-রসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

ঈদে এই ধারাবাহিকটি ঈদ আনন্দকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এমনটিই আশা করেন পরিচালক ও কলাকুশলিরা।