কিউবা নীতিতে বদল আনলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ মে ২০২২, ০২:৩০

কিউবা সংক্রান্ত নীতিতে বদল আনার উদ্দেশে বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ মে) ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ট্রাম্প আমলে আরোপ করা পারিবারিক রেমিট্যান্স পাঠানোর ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণের অনুমতি প্রদান এবং কিউবার নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়া ব্যাপকভাবে বাড়ানো। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সরকারের এক দীর্ঘ পর্যালোচনার পর এসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর হাভানার প্রতি মার্কিন মনোভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। তবে এই ঘোষণায় মার্কিন-কিউবা সম্পর্কে ঐতিহাসিক সমঝোতায় ফেরানোর উদ্যোগের বিষয়ে কিছু বলা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এক বিবৃতিতে সোমবার জানান, ঘোষিত পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের প্রতি আরও বেশি সমর্থন দেওয়া হয়েছে। এতে তারা কিউবার সরকারের নিপীড়ন থেকে মুক্ত জীবন যাপনের বাড়তি উপকরণ পাবে এবং আরও বেশি অর্থনৈতিক সুবিধা খোঁজার সুযোগ পাবে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারিবারিক রেমিট্যান্স পাঠানোর সীমা তুলে নেবে। আগে চার মাসে এক হাজার মার্কিন ডলার এই রেমিট্যান্স কিউবায় পাঠানোর সুযোগ ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র অনাত্মীয়দের অনুদানমূলক রেমিট্যান্স পাঠানোর অনুমোদন দেবে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে তারা কিউবা সীমাবদ্ধ তালিকা থেকে কারও নাম সরাবে না। পররাষ্ট্র দফতরের এই তালিকায় কিউবার সরকার এবং সেনাবাহিনীর পাশাপাশি তাদের সমর্থিত কোম্পানিগুলোর নাম রয়েছে। এগুলোর সঙ্গে কোনো মার্কিন প্রতিষ্ঠান কিংবা নাগরিক বাণিজ্য করতে পারে না।

ইত্তেফাক/টিএ