ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর-মলাইশ তিন কিলোমিটার সড়ক বেহাল। বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে একাকার হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তখন বোঝার উপায় থাকে না এটি সড়ক, না চষা জমি।
শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মামুন খান বলেন, গত এক যুগ ধরে অল্প কিছু মাটি ভরাট, মাপ ছাড়া সড়কের কোনো দৃশ্যমান উন্নয়ন দেখা যায়নি। বছরের পর বছর সড়ক নির্মাণের দাবিতে প্রতিবাদ করলেও কোনো ফল হয়নি।
এই সড়কে চলাচলকারী অটোরিকশাচালক তামিম মিয়া বলেন, গাড়িতে যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই দুর্ভোগের। কাদা মাড়িয়ে চলতে হয় বলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নষ্ট হয় গাড়ির যন্ত্রপাতি।
এ বিষয়ে শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান আসমা আক্তার বলেন, এই সড়কের জন্য তিন গ্রামের প্রায় ২০ হাজার মানুষ কষ্ট করছে। সড়কটি পাকা করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করছি।
সরাইল উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, এ সড়কের কাজের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি অতি শিগগিরই ঐ এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
