নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি খাবার হোটেলসহ তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার তারবো পৌরসভার বরপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় দুইটি খাবার হোটেলকে দুই হাজার টাকা করে জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, বরপা এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্চচাপ সম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে তিন কিলোমিটার বিস্তৃত আবাসিক সংযোগ নেওয়া হয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলায় ত্রিশটি পয়েন্টে প্রায় ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত অভিযান চলবে।

সাভারে ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
শিল্প কারখানায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার